...|...|...

আইন ও আদালত

গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা

তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৮
Shares
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরে গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ছিনতাই করা মোবাইল ফোন কেনার দায়ে অপর এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩ এর বিচারক জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়। অপর আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালে বেতন তুলে সহকর্মীদের সাথে পোশাক কেনার জন্য মিরপুর-১ নম্বরে যান গার্মেন্টসকর্মী সাইমুন। এ সময় ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান নামে তিন ছিনতাইকারী কৌশলে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাত করে তার বেতনের টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা।

পরে গুরুতর আহত সাইমুনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার তদন্তে পুলিশ অভিযান চালিয়ে সাইমুনের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে। একইসাথে আসামিদের গ্রেফতার এবং ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতার আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড এবং ছিনতাই করা মোবাইল ফোন কেনার দায়ে অপর আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।