...|...|...

জাতীয়

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার সরকারি ফি ঘোষণা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৭
Shares
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার সরকারি ফি ঘোষণা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার সরকারি ফি ঘোষণা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। একইসাথে মেডিকেল পরীক্ষার নামে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জনপ্রতি ৮ হাজার টাকা দিতে হবে। কোনো মেডিকেল সেন্টার এই ফির বেশি অর্থ দাবি করতে পারবে না।

এ ছাড়া কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো এজেন্সি মেডিকেল পরীক্ষার স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা হয়রানি, তালবাহানা বা অন্য কোনো অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য [email protected] ঠিকানায় ইমেইল করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (এমআইগ্রামস) স্লিপের জন্য কোনো ফি দিতে হবে না। পাশাপাশি মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।