স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিরোধী দল কর্মসূচি দিচ্ছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি। তাদের নিয়ে চিন্তা করেছে তারেক রহমান।
তিনি বলেন, বর্তমান সরকার কত সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। কোনো অপতৎপরতাই কাজে আসবে না, সরকার তার নিজস্ব গতিতেই চলবে।
এ সময় শহিদ আবু সাঈদের বাড়ি ও কবর সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
কবর জিয়ারতকালে জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


