স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ নিজেরাই আইনটি করেছে। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ (এ) অনুচ্ছেদের কথা উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ায় হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। অনেকে বলছেন, পাসপোর্ট দেওয়া হচ্ছে বা অমুক দেশে ফিরছেন।
ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকারব্যবস্থা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি ‘স্বনির্ভর গ্রাম সরকার’ পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেন। ২০০৯ সালে আইনটি বাতিল করা হয়। নতুন করে এ ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন পাঁচটি সম্ভাব্য ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ বা ৬ ফেব্রুয়ারি হতে পারে। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষার পর এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপগুলোর নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী।


