রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে চারটি অবিস্ফোরিত ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯)। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।
ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে জড়িতদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অনিক ও শিহাবকে গ্রেফতারের পাশাপাশি চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়।
পরে জননিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


