রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন তিনি।
নিহতের বেয়াই সোহাগ মিয়া জানান, ব্যবসায়িক কাজ শেষে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে বাসায় ফিরছিলেন আরিয়ান। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন তিনি।
সোহাগ মিয়া বলেন, পরে স্থানীয় পথচারীরা আরিয়ানের মোবাইল ফোন থেকে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে আরিয়ানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মিম নামের এক নারীকে বিয়ে করেছিলেন আরিয়ান। বর্তমানে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
সোহাগ মিয়া আক্ষেপ করে বলেন, “সন্তানের মুখ দেখার আগেই ও এভাবে চলে গেল। আমরা মানতেই পারছি না।”
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।


