রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. লিজন জানান, ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ইমরান হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
লিজন আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত ইমরান মগবাজার এলাকায় থাকেন এবং পেশায় টেইলার্সের কারিগর।
পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

