কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। একটি দৃশ্য ধারণের সময় তার পিঠ ও হাতে পাঁচটি টিউবলাইট ভাঙা হয়। এতে ভাঙা টিউবলাইটের কাচ মাথায় ঢুকে যায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি কানাডায় সিনেমাটির শুটিং সেটে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে জায়েদ খান বলেন, ‘একটি শটে আমার পিঠে ও হাতে ৫টা টিউবলাইট ভাঙছে, গ্লাসগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে মাথায় ঢুকে গেছিল। আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করেছেন।’
‘ভায়োলেন্স’ সিনেমাটি নির্মাণ করছেন অভিনেতা কামাল হোসেন বাবর। দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করা এই নির্মাতার সিনেমাটির একটি দৃশ্যের শুটিংয়ের সময় হাতও কেটে যায়।
জায়েদ খান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বর্তমানে কানাডায় রয়েছেন। দেশটির বিভিন্ন মনোরম লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। শুটিংয়ের ফাঁকে কাজের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করছেন তিনি।
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, ‘এটি একটি ভালো সিনেমা হবে এবং কানাডাকে তুলে ধরবে। পাশাপাশি কানাডায় যারা আছেন, তাদেরও নৈতিক দায়িত্ব সিনেমাটিকে সহযোগিতা করা।’
দীর্ঘ বিরতির পর ‘ভায়োলেন্স’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় ফিরছেন জায়েদ খান। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরী প্রযোজিত সিনেমাটি বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে একই সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।


