সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতা এবার নতুন একটি ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে ফিরেছেন। ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনার এক মাসেরও বেশি সময় পর তার এই প্রত্যাবর্তন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সেট থেকে একটি ছবি পোস্ট করেন পাভেল। ছবিতে পাশা ভাইয়ের কক্ষে থাকা একটি ম্যানিকুইনের সামনে হাস্যরসাত্মক ভঙ্গিতে দেখা যায় তাকে। ম্যানিকুইনটির গায়ে নীল কাপড় জড়ানো, মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত অন্তর্বাস রয়েছে।
ছবিটির ক্যাপশনে পাভেল লিখেছেন, ‘যাদের বন্ধু-বান্ধব ভাবছিলি, এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’
এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সাথে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। এরপর তার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়লে তাকে ঘিরে আলোচনা আরও বাড়ে।
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি।
প্রতিযোগিতা শেষে দেশে ফিরে স্টেজ শো এবং ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন পাভেল। তবে শুরুর দিকে প্রত্যাশিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে তার যাত্রা শুরু হয়।
পরবর্তী সময়ে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পাভেল। এতে ‘জাকির হোসেন নেইমার’ তথা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় তাকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে এবং তার ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়।


