...|...|...

বিনোদন

সালমানের কুমারত্ব নিয়ে প্রশ্ন, করণকে ‘ভাইজানের’ কড়া জবাব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৮
Shares
সালমানের কুমারত্ব নিয়ে প্রশ্ন, করণকে ‘ভাইজানের’ কড়া জবাব

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে আবারও আলোচনায় এসেছেন প্রযোজক ও পরিচালক করণ জোহর। জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ এর নবম ও শেষ মরশুমের প্রথম পর্বে অতিথি হয়ে এসেছিলেন সালমান। অনুষ্ঠানের টিজারে করণের সাথে  তার মজার কথোপকথনের পাশাপাশি বিয়ে না করার বিষয়ে প্রশ্ন এবং সালমানের পাল্টা জবাবও উঠে এসেছে।

শিগগিরই প্রচার হতে যাওয়া ‘কফি উইথ করণ’-এর নবম মরশুমের প্রথম পর্বের টিজার প্রকাশ করা হয়েছে। এতে সালমানকে স্বাগত জানিয়ে করণ বলেন, “একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে হতে পারেন!”

এরপর করণ জোহরের সাথে হাস্যরসাত্মক আলাপে মেতে ওঠেন সালমান। কথার ফাঁকে করণকে সঞ্চালকের আসন ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। শুধু তা-ই নয়, মজার ছলে সালমান জানান, ‘কফি উইথ করণ’-এর পর এবার শুরু হতে পারে ‘কফি উইথ সালমান’।

তবে আড্ডার একপর্যায়ে সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন করেন করণ। অভিনেতাকে উদ্দেশ করে তিনি জানতে চান, “তুমি কি আজও চিরকুমার?”

করণের এমন প্রশ্নে মজার ছলেই আপত্তি জানান সালমান। সঞ্চালককে থামিয়ে দিয়ে তিনি বলেন, “আরে ভাই, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো।”

দীর্ঘদিন ধরে বলিউডের অন্যতম জনপ্রিয় টকশো হিসেবে পরিচিত ‘কফি উইথ করণ’। দুই দশকেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানে তারকাদের প্রেম, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক নিয়ে আলোচনা হয়েছে। এবার নবম মরশুমের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানা গেছে।

এর আগে অনুষ্ঠানের অন্য একটি পর্বেও বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সালমান খান। নতুন মরশুমের টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রথম পর্বটি ঠিক কবে সম্প্রচারিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।