...|...|...

বিনোদন

লাক্সের তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২০
Shares
লাক্সের তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

ছবি: সংগৃহীত

লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা তিন নতুন মুখকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তি পাচ্ছে আগামী ২৯ অক্টোবর। নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার ২০২৫-এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা, প্রথম রানারআপ নাযাহ নাওয়ার ও দ্বিতীয় রানারআপ আমিনা ইসলাম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির ট্রেলার।

মুক্তির পর ওয়েব ফিল্মটি দেখা যাবে আইস্ক্রিনে। রোমান্স ও ড্রামা ঘরানার ‘ক্যাফে আমব্রেলা’য় উঠে আসবে চার জুটির চার রকম ভালোবাসার গল্প। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি এতে থাকবে সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও আবেগের নানা রং।

ওয়েব ফিল্মটিতে বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাযাহ নাওয়ারের সাথে আছেন পার্থ শেখ এবং আমিনা ইসলামের সাথে রয়েছেন আরেফিন জিলানি। অন্য জুটিতে দেখা যাবে সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিমকে।

‘ক্যাফে আমব্রেলা’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে বিদুষী, নাযাহ ও আমিনার। নতুনদের অভিনয়ের প্রস্তুতি হিসেবে শুটিং শুরুর আগে তাদের নিয়ে প্রায় এক মাসের কর্মশালা করেছেন নির্মাতা শিহাব শাহীন।

প্রথম বড় কাজ নিয়ে উচ্ছ্বসিত লাক্স চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা। তার ভাষ্য, লাক্সের পর এটিই তার প্রথম বড় কাজ। লাক্সের অন্য দুই প্রতিযোগীর সাথে একসাথে কাজ করা এবং রিহার্সালের অভিজ্ঞতাকে বিশেষ বলে মনে করছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন তাদের অনেক সময় দিয়েছেন বলেও জানান বিদুষী।

প্রথম রানারআপ নাযাহ নাওয়ারের কাছে কাজটি বড় সুযোগ। লাক্সে অংশ নেওয়ার আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ সিরিজে অভিনয় করেছিলেন তিনি। সিরিজটি এখনো মুক্তির অপেক্ষায়। তবে লাক্সের পর শিহাব শাহীনের সাথে কাজ করার অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন নাযাহ। নতুন হিসেবে নির্মাতা ও সহশিল্পীদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে আমিনা ইসলামের জন্যও ‘ক্যাফে আমব্রেলা’ বিশেষ একটি কাজ। এই ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হচ্ছে তার। কাজটি নিয়ে পরিবারের সদস্যরাও বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন আমিনা।

নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ‘ক্যাফে আমব্রেলা’য় চারটি আলাদা গল্প সমান্তরালভাবে এগিয়ে যাবে। গল্পগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ভালোবাসা ও সম্পর্কের বহুমাত্রিক আখ্যান। মানুষের আবেগ, প্রেম ও সম্পর্কের নানা দিক নিয়েই সাজানো হয়েছে ওয়েব ফিল্মটির চিত্রনাট্য।

উল্লেখ্য, লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। অন্যদিকে সেরা তিন প্রতিযোগীকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের দায়িত্ব পান শিহাব শাহীন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নির্মিত হয়েছে ‘ক্যাফে আমব্রেলা’।