বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ ফুটবলের প্রায় সব বড় শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। এবার নিজের অর্জনের গণ্ডি ছাড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভাদের দিকে নজর দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্ব ফুটবলে আগামী দিনে আলো ছড়াতে পারেন, এমন ১০ তরুণ ফুটবলারকে বেছে নিয়েছেন তিনি। সেই তালিকায় আছেন আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দা। পাশাপাশি জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নজরে থাকা প্রতিভাবান ফুটবলারও।
গোল ডটকমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে এই ১০ ফুটবলারকে তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের প্রতিভা ও বিশ্ব ফুটবলের সম্ভাবনাময় ভবিষ্যৎকে সামনে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মেসির বাছাই করা তালিকায় তোমাস আরান্দার অন্তর্ভুক্তি আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বোকা জুনিয়র্সের এই তরুণ ফুটবলার কারিগরি দক্ষতা ও সৃজনশীল খেলার মাধ্যমে নজর কেড়েছেন। তার প্রতিভা নজর এড়ায়নি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের জন্য ঘোষিত দলেও তাকে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
তবে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণের জন্য মেসির নির্বাচিত তালিকায় জায়গা পাওয়া ক্যারিয়ারের উল্লেখযোগ্য স্বীকৃতি হতে পারে।
তালিকায় আর্জেন্টিনার পাশাপাশি বিভিন্ন দেশের সম্ভাবনাময় ফুটবলারদেরও রেখেছেন মেসি। তাদের মধ্যে রয়েছেন জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিহুয়ানার গিলবার্তো মোরা এবং ইংলিশ ক্লাব আর্সেনালের তরুণ ম্যাক্স ডাউম্যান। গিলবার্তো মোরাকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের খবরও বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। আগ্রহী ক্লাবগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নামও রয়েছে।
ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলের সম্ভাবনাময় খেলোয়াড়দেরও এই উদ্যোগে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে। এর মধ্য দিয়ে ভবিষ্যতের ফুটবল প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে নারী ও পুরুষ উভয় বিভাগের খেলোয়াড়দের গুরুত্ব দেওয়া হয়েছে।
মেসির বাছাই করা বাকি তিন ফুটবলার হলেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ ও নেদারল্যান্ডসের কেস স্মিট।
মেসির বেছে নেওয়া ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা
১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল
৫. জেভিয়ার গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওঁ
১০. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গার এসভি



