...|...|...

খেলা

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে আর্জেন্টিনার সেই ভয়ংকর ফাউল

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৯
Shares
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে আর্জেন্টিনার সেই ভয়ংকর ফাউল

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে প্রতিপক্ষকে করা একটি ট্যাকলও কখনো কখনো ম্যাচের গণ্ডি ছাড়িয়ে আলোচনায় জায়গা করে নেয়। আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের এক ভয়ংকর ট্যাকলে স্পেনের পাউ কুবারসির শূন্যে ছিটকে যাওয়ার দৃশ্য তেমনই একটি ঘটনা। বিশ্বকাপ ফাইনালের সেই আলোচিত মুহূর্তের ছবি জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায়।

বছর শেষ হওয়ার আগেই ২৪ নভেম্বর ২০২৬ সালে চলতি বছরের উল্লেখযোগ্য ১০০টি ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। তালিকায় বিশ্বকাপ ফাইনালের ছবিটি তুলেছেন গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লো। ক্রীড়াঙ্গনের আলোচিত মুহূর্তের পাশাপাশি তালিকায় স্থান পেয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায় ফুটবলারদের অনুশীলনের ছবিও।

এনজোর ট্যাকলে কুবারসির শূন্যে উঠে যাওয়ার দৃশ্যটি ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতিপক্ষের সাথে সংঘর্ষে স্প্যানিশ ডিফেন্ডারের শরীর মাটি থেকে বেশ উঁচুতে উঠে যায়। ছবির দৃশ্য দেখে মনে হয়, তিনি যেন এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন। মাঠের সবুজ ঘাস, দুই খেলোয়াড়ের ছায়া এবং মাঝমাঠের সাদা রেখা মুহূর্তটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ঘটনাটি ঘটে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শুরুর আগের যোগ করা সময়ে। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেছিলেন এনজো। পরে কুবারসিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড পান তিনি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মিডফিল্ডারকে। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে ঘটনাটি বিশেষভাবে আলোচনায় আসে।

আলোকচিত্রী আল বেল্লো দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনা ও মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। ফটোসাংবাদিকতায় কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার।

এদিকে টাইমের সেরা ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে গাজার ফুটবলারদের অনুশীলনের একটি ছবিও। গত ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ছবিটি ধারণ করেন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি।

ছবিতে দেখা যায়, গাজা স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন আল-আহলি ক্লাবের খেলোয়াড়েরা। চারপাশে যুদ্ধের ধ্বংসস্তূপ, মাঝখানে তৈরি করা হয়েছে অনুশীলনের মাঠ। ইসরাইলের স্থল ও বিমান হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে গেলেও সেই প্রতিকূলতার মধ্যেই ফুটবলে ফিরেছেন স্থানীয় খেলোয়াড়েরা।

ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস ব্যবহার করে মাঠটি আবার খেলার উপযোগী করে তোলে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন। এর ফলে স্থানীয় দলগুলোর পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতার শিকার খেলোয়াড়দেরও খেলাধুলায় ফেরার সুযোগ তৈরি হয়েছে।

ইসরাইল-হামাস যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর নতুন করে তৈরি করা এই মাঠ স্থানীয় ফুটবলারদের জন্য খেলাধুলা চালিয়ে যাওয়ার অন্যতম আশ্রয় হয়ে উঠেছে।