উৎসবের আমেজের মধ্যেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে গাড়িটির বেশ কয়েকটি অংশ দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্য গাড়ির সংঘর্ষের কারণে অভিনেত্রীর গাড়ির অনেকটাই ক্ষতি হয়েঝে। দুমড়ে-মুচড়ে গেছে কিছু জায়গা। ঘটনার সময় গাড়ির ভেতরে কেউ না থাকায় জীবন রক্ষা হয়েছে।
দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে ঋতুপর্ণা বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দে চমকে উঠি আমরা। শব্দ শুনে আমি ও বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বের হয়ে আসি। এসে দেখি, একটি ম্যাটাডোর আমার বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে সজোরে ধাক্কা মেরেছে। এ কারণে গাড়ির বাম দিকের পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
অভিনেত্রী জানান, দুর্ঘটনার পরই ম্যাটাডোরের চালককে আটক করেন তারা, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। এ কারণে গাড়িটির চাবিও নিজেদের কাছে রাখেন।
পরে চালককে জিজ্ঞাসাবাদ করে ঋতুপর্ণারা জানতে পারেন, তিনি ওই গাড়ির বৈধ চালক নন; বরং একজন ক্যাটারিং কর্মী। তার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না।
দুর্ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানান অভিনেত্রী।


