...|...|...

বিনোদন

ওয়াসিম আকরামের সাথে বিয়ের গুঞ্জন, সুস্মিতার প্রেমের গল্পে যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৬
Shares
ওয়াসিম আকরামের সাথে বিয়ের গুঞ্জন, সুস্মিতার প্রেমের গল্পে যারা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিজীবন বরাবরই আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সাথে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কখনো বিয়ের খবর, কখনো বিচ্ছেদ, আবার কখনো নিজেই সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম সুস্মিতার। ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে জেতেন মিস ইউনিভার্সের মুকুট। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ২০২০ সালে ‘আরিয়া’ সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন। ব্যক্তিজীবনে ২৪ বছর বয়সে প্রথম মেয়ে রেনেকে এবং ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাহকে দত্তক নেন তিনি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুস্মিতার আলোচিত সম্পর্ক জানা যায়।

ওয়াসিম আকরামকে ঘিরে বিয়ের গুঞ্জন

২০০৮ সালে নাচের রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’য় বিচারক ছিলেন সুস্মিতা ও ওয়াসিম আকরাম। সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু। ২০১৩ সালের এপ্রিলে বিয়ের খবর ছড়ালে টুইটারে সুস্মিতা লেখেন, ‘ওয়াসিম আকরাম আমার বন্ধু, বন্ধুই থাকবেন।’ আকরামও বিয়ের খবর ভিত্তিহীন বলে জানান।

বিক্রম ভাটের সাথে প্রেম

সুস্মিতার প্রথম সিনেমা ‘দস্তক’-এর চিত্রনাট্যকার ছিলেন বিক্রম ভাট। কাজের সূত্রে পরিচয়, পরে প্রেমের সম্পর্ক। তবে বিক্রম তখন বিবাহিত ছিলেন। বহু বছর পর এক সাক্ষাৎকারে স্ত্রী ও মেয়েকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা প্রকাশ করেন তিনি।

রণদীপ হুদার সাথে তিন বছর

২০০৬ সালে রণদীপ হুদার সাথে সুস্মিতার প্রেমের খবর প্রকাশ্যে আসে। একসাথে ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ সিনেমাতেও অভিনয় করেন তারা। প্রায় তিন বছর পর ২০০৯ সালে বিচ্ছেদ হয়। পরে রণদীপ জানান, সম্পর্কটিতে অনেকটা সময় দিয়েছিলেন তিনি।

মুদাসসর আজিজ ও ঋত্বিক ভাসিন

‘দুলহা মিল গায়া’ সিনেমার পরিচালক মুদাসসর আজিজের সাথে সুস্মিতার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। মুম্বাইয়ের ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সাথেও তার সম্পর্কের খবর প্রকাশিত হয়। ২০১৩ সালে তাদের একসাথে দেখার খবর দেয় হিন্দুস্তান টাইমস। ২০১৭ সালে বিচ্ছেদের খবর প্রকাশ করে ইন্ডিয়া টুডে।

রেহমান শালের সঙ্গে বিচ্ছেদ

মডেল রেহমান শালের সাথে সম্পর্কের ইতি টানার খবর ২০২১ সালের ২৩ ডিসেম্বর নিজেই জানান সুস্মিতা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, তাদের প্রেমের সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব রয়ে গেছে।

ললিত মোদির প্রেমের ঘোষণা

২০২২ সালের ১৪ জুলাই আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সাথে কয়েকটি ছবি প্রকাশ করে প্রেমের সম্পর্কের কথা জানান। বিয়ের গুঞ্জন ছড়ালে পরে তিনি জানান, তাদের বিয়ে হয়নি। পরদিন দুই মেয়ের সাথে ছবি দিয়ে সুস্মিতাও বিয়ে ও আংটিবদলের খবর নাকচ করেন।

২০২৪ সালে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ সুস্মিতা জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি।