...|...|...

বিনোদন

পরিচিত ব্যক্তির বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ফারিনের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪
Shares
পরিচিত ব্যক্তির বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ফারিনের

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খান। তার দাবি, পরিচিত এক ব্যক্তি ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন সহকর্মীদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। এমনকি একাধিকবার তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মোবাইল ফোন হ্যাক করার ঘটনাও ঘটেছে। এসব অভিযোগ প্রকাশ্যে আনলেও এখনই অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানাতে চাননি অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন ফারিন। এ সময় তাকে মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করতে দেখা যায়।

অভিনেত্রী বলেন, ‘আমি একজন শিল্পী, অভিনয়ের বাইরেও আমার একটি ব্যক্তিগত জীবন আছে। আমি সবসময় তা মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছি। কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, যখন বাধ্য হয়ে মুখ খুলতে হয়। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।’

ফারিনের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তার পূর্বপরিচিত। ওই ব্যক্তি অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন বিনা অনুমতিতে বিভিন্ন সহকর্মীর কাছে পাঠাচ্ছেন। যাদের কাছে এসব পাঠানো হচ্ছে, তাদের সাতেও বিষয়টি নিয়ে কথা বলতে চান তিনি।

লাইভে ফারিন বলেন, ‘সে আমাদের জানাশোনা একজনই। এখন আমার অনেক কলিগদের কাছে সে আমার ভিডিও এবং ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।’

অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাকে প্রতারক ও ভণ্ড বলেও আখ্যা দেন অভিনেত্রী। তার অভিযোগ, ওই ব্যক্তি একদিকে ধর্মীয় পরিচয় ব্যবহার করছেন, অন্যদিকে তার সাথে প্রতারণামূলক আচরণ করছেন।

এ ছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও মোবাইল ফোন একাধিকবার হ্যাক হওয়ার অভিযোগও করেন ফারিন। তার দাবি, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথিপত্রও অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান তিনি।

ফারিন বলেন, ‘সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।’

তবে অভিযুক্ত ব্যক্তির নাম এখনই প্রকাশ করতে চান না ফারিন। আগামী কয়েক দিন শুটিংয়ের ব্যস্ততা রয়েছে জানিয়ে তিনি বলেন, কাজ শেষ হলে পরিবারের অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করবেন। সেখানেই বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশের কথা জানান তিনি।

নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘সব কাজ শেষ করে আমি আমার অভিভাবকদের নিয়ে বসে বিস্তারিত জানাব এবং সাংবাদিকদের ডেকে অফিশিয়ালি নাম প্রকাশ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এমন ভয়াবহ মানুষের হাত থেকে রক্ষা চাই।’

তবে ফারিনের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।