নিজের সম্পত্তি থেকে অর্জিত অর্থ তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। মৃত্যুর পর তার সম্পত্তির পুরো আয় একটি দাতব্য ট্রাস্টের মাধ্যমে মানুষের সেবায় ব্যয় হবে। সম্প্রতি চেন্নাইয়ে তার মালিকানাধীন রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেতার পুরোনো একটি ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন রজনীকান্ত। তিনি জানান, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপটি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের নামে হস্তান্তর করেছেন। নিজের উইলেও এ বিষয়ে সিদ্ধান্ত যুক্ত করেছেন।
ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, মৃত্যুর পর তার পুরো সম্পত্তি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে। তাকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে তামিলনাড়ুর মানুষের অবদান রয়েছে। তাই সম্পত্তি থেকে পাওয়া প্রতিটি পয়সা তাদের কল্যাণেই ব্যয় করতে চান তিনি। পরিবারের সদস্যদের জন্য এ সম্পত্তি থেকে কোনো অর্থ বরাদ্দ থাকবে না বলেও জানান।
রজনীকান্তের মতে, চলচ্চিত্রজীবনে তার সাফল্যের মূল শক্তি সাধারণ দর্শকের ভালোবাসা ও সমর্থন। একসময় অল্প কয়েক রুপি খরচ করে দর্শকেরা তার সিনেমা দেখতে যেতেন। তাদের সেই ভালোবাসাই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তি দাতব্য কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভিডিওতে অভিনেতা আরও বলেন, চাইলে যেকোনো সময় নিজের উইল পরিবর্তন করার সুযোগ রয়েছে। কিন্তু সবার সামনে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভালো কোনো কাজ করার ইচ্ছা থাকলে তা দ্রুত বাস্তবায়ন করা উচিত বলেও মনে করেন তিনি।
রজনীকান্ত জানান, সম্পত্তি নিয়ে এমন সিদ্ধান্তের আগে স্ত্রী লতা ও পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করেছেন। পরে উইল ও সম্পত্তিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার শ্যালক বরদাচার্যের কাছে হস্তান্তর করেন।
১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে রাঘবেন্দ্র মণ্ডপ রজনীকান্ত ও তার ভক্তদের বিভিন্ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অভিনেতার জনজীবনের বেশ কিছু উল্লেখযোগ্য আয়োজনও হয়েছে সেখানে।
এদিকে সম্প্রতি রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পুরো স্থাপনা নাকি এর একটি অংশ হোটেলে রূপান্তর করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।


