দেশের জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo)। নতুন ফরম্যাট, আরও বড় পরিসরের প্রতিযোগিতা এবং আকর্ষণীয় সব পুরস্কারের চমক নিয়ে শুরু হয়েছে সিজন ৩-এর নিবন্ধন। এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আইগ্যাস ইউনাইটেড (Aygaz United)। আর উপস্থাপনায় পরপর তৃতীয়বারের মতো থাকছেন তাহসান খান।
প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজন টেলিভিশন ও ডিজিটাল বিনোদনে নতুন মাইলফলক তৈরি করে। টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে দ্বিতীয় সিজনটি ১০০ কোটিরও বেশি (১ বিলিয়ন) ভিউ অর্জন করে। বঙ্গের প্রযোজনায় এবং আইগ্যাস ইউনাইটেডের নিবেদনে আয়োজিত অনুষ্ঠানটি হাসি, আনন্দ ও প্রাণবন্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানটির সর্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে দ্বিতীয় সিজনের আগে দেশের ৬৪টি জেলায় জরিপ চালানো হয়েছিল। এর মাধ্যমে সারাদেশের মানুষের মতামত উঠে আসে ফ্যামিলি ফিউডের মঞ্চে। পাশাপাশি অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়।
তৃতীয় সিজনে প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে যুক্ত হচ্ছে নতুন ফরম্যাট। এতে পরিবারগুলোর বুদ্ধিমত্তা, অনুমান করার ক্ষমতা ও দলগত সমন্বয়ের পরীক্ষা হবে কয়েকটি প্রতিযোগিতামূলক রাউন্ডে। সেরা তিনটি পরিবারের মধ্যে সর্বোচ্চ স্কোর করা দল সরাসরি উঠে যাবে গ্র্যান্ড ফিনালেতে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পরিবার দুটি লড়বে ফাইনালের বাকি জায়গাটির জন্য। এরপর দুই সেরা পরিবারের চূড়ান্ত লড়াইয়ে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। বিজয়ী পরিবার জিতে নেবে আকর্ষণীয় পুরস্কার ও ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব।
এবারও উপস্থাপকের দায়িত্বে থাকছেন তাহসান খান। তার পরিচিত হাস্যরস, খুনসুটি ও প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠবে প্রতিযোগিতার মঞ্চ। অনুষ্ঠানটির অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে এনটিভি (NTV)। আর এবারের সিজনও পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!’
শুরু হয়েছে নিবন্ধন
দেশের যেকোনো প্রান্তের পরিবার ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩-এ অংশ নিতে আবেদন করতে পারবে। পরিবারের সদস্যদের উপস্থিত বুদ্ধি, দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা, মজার ভাবনা এবং পারস্পরিক বোঝাপড়া থাকলে এই আয়োজন হতে পারে নিজেদের প্রতিভা দেখানোর দারুণ সুযোগ।
আগ্রহী পরিবারগুলো বঙ্গের নির্ধারিত আবেদন লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবে:
https://apply.bongobd.com/applyfamilyfeudbangladesh/
এ ছাড়া বঙ্গের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে দেওয়া লিংকের মাধ্যমেও আবেদন করা যাবে।
নতুন সিজনের প্রস্তুতির পাশাপাশি দর্শকেরা আগের সিজনের পর্বগুলো বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে বিনা মূল্যে দেখতে পারবেন।
নতুন ফরম্যাট, তাহসান খানের উপস্থাপনায় প্রত্যাবর্তন এবং টাইটেল স্পন্সর হিসেবে আইগ্যাস ইউনাইটেডের যুক্ত হওয়ায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। এখন দেখার বিষয়, কোন পরিবার নিজেদের বুদ্ধি ও দলগত দক্ষতায় জিতে নেয় এবারের চ্যাম্পিয়নের মুকুট।


