বকেয়া বেতন, বোনাস ও গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের একাধিক টার্মিনালে কর্মবিরতি শুরু করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পাঁচ শতাধিক শ্রমিকের এ কর্মসূচিতে বন্দরের বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন তারা। একাধিকবার সময়সীমা বেঁধে দিলেও সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ নেয়নি।
শ্রমিকদের দাবির তালিকায় রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক সুবিধা।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, প্রতিষ্ঠানটির অধীনে থাকা সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্য নিয়ে সাতটি জাহাজ অবস্থান করছে।
আরেক শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছে। তবে বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত না হওয়া পর্যন্ত আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসার পরও সমাধান না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।


