বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির ২০২৭ সালের আসরে মনোনয়নের তালিকায় চমক দেখিয়েছেন ব্রিটিশ গায়িকা ও গীতিকার রেই (Raye)। একাই ১১টি মনোনয়ন পেয়ে এবারের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। একই সঙ্গে এক বছরে সর্বাধিক গ্র্যামি মনোনয়ন পাওয়া নারী শিল্পীওয় হিসেবে মার্কিন সংগীততারকা বিয়ন্সের রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই ব্রিটিশ শিল্পী।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রেকর্ডিং অ্যাকাডেমি ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এবারের গ্র্যামিতে রেইয়ের সবচেয়ে বড় সাফল্য এসেছে প্রধান তিন বিভাগে। প্রথমবারের মতো অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার এবং সং অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তার আলোচিত অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ (This Music May Contain Hope) বছরের সেরা অ্যালবামের দৌড়ে রয়েছে। অন্যদিকে, ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’ (Where Is My Husband!) গানটি জায়গা করে নিয়েছে বছরের সেরা গান ও রেকর্ডের মনোনয়নে।
এর বাইরে বছরের সেরা গীতিকার, পপ সংগীতের বিভিন্ন বিভাগ এবং মিউজিক ভিডিও বিভাগেও মনোনয়ন পেয়েছেন রেই। সব মিলিয়ে তার ক্যারিয়ারে গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে। তবে এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক কোনো গ্র্যামি পুরস্কার জেতেননি তিনি।
২০২৫ সালের গ্র্যামিতে এক আসরে ১১টি মনোনয়ন পেয়ে নারী শিল্পী হিসেবে রেকর্ড গড়েছিলেন বিয়ন্সে। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন রেই।
এদিকে, মনোনয়নের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্পেনের জনপ্রিয় সংগীতশিল্পী রোসালিয়া (Rosalía)। তিনি পেয়েছেন নয়টি মনোনয়ন। তার ‘লাক্স’ (Lux) অ্যালবামটি বছরের সেরা অ্যালবামের প্রতিযোগিতায় রয়েছে। পাশাপাশি ‘বার্গহাইন’ (Berghain) গানটির জন্যও গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
রেই ও রোসালিয়ার পর সাতটি করে মনোনয়ন পেয়েছেন মিরান্ডা ল্যাম্বার্ট, অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স এবং এলা ল্যাংলি। অন্যদিকে, ব্রুনো মার্স, লিওন থমাস ও অলিভিয়া ডিন পেয়েছেন ছয়টি করে মনোনয়ন।
এবারের গ্র্যামিতে নারী সংগীতশিল্পীদের প্রাধান্য বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে। বছরের সেরা অ্যালবামের আট মনোনীত শিল্পীর মধ্যে সাতজনই নারী। এই বিভাগে রেই ও রোসালিয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন টেইলর সুইফট, অলিভিয়া রদ্রিগো, অলিভিয়া ডিন, এলা ল্যাংলি, ফিবি ব্রিজার্স ও ব্রুনো মার্স।
বিশেষ করে টেইলর সুইফটের জন্য এবারের মনোনয়ন নতুন এক মাইলফলক। টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য গ্র্যামির বছরের সেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এর আগে র্যাপার কেনড্রিক লামার এমন কৃতিত্ব অর্জন করেছিলেন।
অন্যদিকে, গ্র্যামির ইতিহাসে সর্বাধিক মনোনয়ন পাওয়া শিল্পী হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন বিয়ন্সে। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়ে ক্যারিয়ারের ১০০তম গ্র্যামি মনোনয়ন অর্জন করেছেন তিনি।
এবারের আসরে কে-পপ সংগীতের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ অর্জন। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল গ্রুপ ব্ল্যাকপিংকের সদস্য জেনি প্রথমবারের মতো গ্র্যামি মনোনয়ন পেয়েছেন। টেম ইমপালার সঙ্গে তার ‘ড্রাকুলা’ (Dracula) গানটি বছরের সেরা রেকর্ড বিভাগে জায়গা করে নিয়েছে।
এর মাধ্যমে রোজের পর দ্বিতীয় কে-পপ শিল্পী হিসেবে এই বিভাগে মনোনয়ন পেলেন জেনি। এর আগে ব্রুনো মার্সের সঙ্গে ‘এপিটি’ (APT.) গানের জন্য একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ব্ল্যাকপিংকের আরেক সদস্য রোজে।
এবারের সেরা নবাগত শিল্পী বিভাগেও রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। এলা ল্যাংলির পাশাপাশি এই বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যাঞ্জিন দ্য পইত্রিন, গিজ, স্লেইটার, সিয়েনা স্পাইরো, ডন টলিভার, রেমি উলফ ও দ্য ওম্যাক সিস্টার্স।
রেকর্ডিং অ্যাকাডেমির প্রধান নির্বাহী হার্ভি ম্যাসন জুনিয়র মনোনীত শিল্পীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, এবারের তালিকায় নতুন শিল্পীদের পাশাপাশি সংগীতজগতের প্রতিষ্ঠিত তারকারাও জায়গা পেয়েছেন। বিভিন্ন ঘরানা ও প্রজন্মের শিল্পীদের এই অংশগ্রহণ সংগীতের বৈচিত্র্যকে তুলে ধরেছে।
২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে মোট ১০০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এবারের আসরে নতুন পাঁচটি বিভাগও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স এবং সেরা আরঅ্যান্ডবি সহযোগী পরিবেশনা।
গ্র্যামির মনোনয়নের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে প্রকাশিত সংগীতকর্ম বিবেচনা করা হয়েছে। বিজয়ী নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত।
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মূল আসর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি। পাশাপাশি ডিজনি প্লাস ও হুলুতেও দেখা যাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


