ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এগিয়ে যাচ্ছেন। অভিনয়ে নিয়মিত পুরস্কার ও স্বীকৃতি পেলেও এবার নিজের মেকআপ প্রতিষ্ঠানের জন্য পাওয়া সম্মাননা তার আনন্দকে বাড়িয়ে দিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের প্রতিষ্ঠান ‘বাই পায়েল’-এর জন্য দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি ‘বেস্ট বিউটি স্যালন অব দ্য ইয়ার’ বিভাগে এই সম্মাননা অর্জন করে।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে কেয়া পায়েল বলেন, ‘এই বছর আমার মনে হয় এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি। তাই বছরটি আমার জন্য অনেক বিশেষ ও স্মরণীয় হয়ে থাকবে। সব মিলিয়ে খুব ভালো লাগছে। কিছুটা নার্ভাসও ছিলাম। তবে দর্শক যখন প্রশংসা করেন, তখন সত্যিই ভালো লাগে। মঞ্চ থেকে নামার পর অনেকেই আমার কাজের প্রশংসা করেন। মানুষের এই ভালোবাসা ও স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে।’
নিজের প্রতিষ্ঠানের পুরস্কারকে বিশেষভাবে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘অভিনেত্রী হিসেবে সব সময়ই পুরস্কার পাই। তবে আজকের পুরস্কারটি আমার কাছে অনেক বেশি সম্মানের। এটি আমার জন্য অনুপ্রেরণাও।’
ব্যবসায় আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়ে কেয়া পায়েল বলেন, অল্প কিছুদিন আগে তিনি ‘বাই পায়েল’ নামে মেকআপ প্রতিষ্ঠানটি চালু করেছেন। রাজধানীর উত্তরায় অবস্থিত প্রতিষ্ঠানটির এমন স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দের।
ব্যবসা শুরুর পেছনের কারণ জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই সাজগোজের প্রতি তার বিশেষ আগ্রহ। মেয়েদের সাজসজ্জার বিষয়টি তিনি উপভোগ করেন। নিজের পছন্দ ও আগ্রহের জায়গাটিকেই পেশা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন।
অন্যদিকে অভিনয়েও নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, পর্দায় নানা ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে তার ভালো লাগে। একজন শিল্পী হিসেবে ভালো গল্প ও চরিত্রে কাজ করতে পারাই তার কাছে সবচেয়ে বড় তৃপ্তি।
ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। দর্শকরা কাজটি দেখলেই সেখানে তার অভিনীত চরিত্রের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারবেন বলে জানান তিনি।
শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে কেয়া পায়েল বলেন, অভিনয় বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে কাজটি ততটা সহজ নয়। অল্প সময়ের মধ্যে একটি চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে হয়। এ কারণে শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়, যা কখনো কখনো বেশ কষ্টকর হয়ে ওঠে।


