তিন তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের সম্পূর্ণ অবসান ঘটে। ফলে তারা একে অপরের জন্য গায়রে মাহরাম হয়ে যান। তবে সন্তানদের লালনপালন ও দেখাশোনার প্রয়োজনে সাবেক স্বামীর সহযোগিতা নিতে হতে পারে। এমন পরিস্থিতিতে সাবেক স্বামীর ব্যবস্থাপনায় পৃথক বাসায় থাকা শরিয়তসম্মত কি না, সেখানে তার যাতায়াতের ক্ষেত্রে কী বিধান রয়েছে এবং সন্তানদের হেফাজত ও ভরণপোষণের দায়িত্ব কার—এসব বিষয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
ইসলামী জীবনবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় প্রকাশিত এক ফতোয়ায় এসব বিষয়ে শরিয়তের বিধান তুলে ধরা হয়েছে। রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর-এর নায়েবে মুফতি মাওলানা তাওহীদুল ইসলাম এ ফতোয়া দিয়েছেন।
এতে বলা হয়েছে, শরিয়তের মূলনীতি হলো, তিন তালাকের পর স্বামী-স্ত্রীর বিবাহবন্ধন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা একে অপরের জন্য গায়রে মাহরাম হয়ে যান। ফলে তাদের মধ্যে পূর্ণ শরয়ি পর্দা রক্ষা করা আবশ্যক। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক বজায় রাখা কিংবা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করা হারাম।
তবে সন্তানদের লালনপালন ও দেখাশোনার প্রয়োজনে সাবেক স্বামীর ব্যবস্থাপনায় পৃথক বাসায় অবস্থান করা জায়েজ। এ ক্ষেত্রে উভয়ের মধ্যে পূর্ণ শরয়ি পর্দা বজায় রাখতে হবে এবং অবাধ মেলামেশা বা ফিতনার কোনো আশঙ্কা থাকা যাবে না। এ ছাড়া সাবেক স্বামী বাসায় এলে নির্জনতা এড়ানোর জন্য সেখানে একজন প্রাপ্তবয়স্ক মাহরাম পুরুষ বা উপযুক্ত তৃতীয় ব্যক্তির উপস্থিতি থাকা কর্তব্য।
তবে বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকলে, বড় সন্তান বা উপযুক্ত তত্ত্বাবধানকারী না থাকলে কিংবা ফিতনার আশঙ্কা থাকলে এভাবে বসবাস করা থেকে বিরত থাকা জরুরি।
সন্তানদের লালনপালনের বিধান
সন্তানদের লালনপালনের ক্ষেত্রে ছেলেসন্তানের সাত বছর এবং মেয়েসন্তানের নয় বছর পূর্ণ হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকার অগ্রাধিকার রয়েছে। এরপর বাবা সন্তানকে নিজের হেফাজতে নেওয়ার অধিকারী হন। তবে বাবা সম্মত থাকলে এবং সন্তানদের কল্যাণ ও শরয়ি বিধান বজায় থাকলে মায়ের তত্ত্বাবধানে রাখার সুযোগ রয়েছে। উল্লেখ্য, সন্তানরা মায়ের কাছে থাকলেও তাদের প্রয়োজনীয় ভরণপোষণের দায়িত্ব বাবার ওপরই বহাল থাকবে।
(ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৪১–৫৪২; প্রকাশনী: দারুল ফিকর, আল-মাবসুত, ইমাম সারাখসি: ১৬/৫২; প্রকাশনী: দারুল মারিফা, ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৪৭০; প্রকাশনী: দারুল ফিকর)


