...|...|...

জাতীয়

বর্ধিত কোটায় হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৫
Shares
বর্ধিত কোটায় হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বর্ধিত কোটা ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ কার্যক্রমের আওতায় প্রাথমিক নিবন্ধন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১৬ নভেম্বর) থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের জন্য হজযাত্রীর সংখ্যা বাড়িয়েছে সৌদি আরব।

বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত আসন পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হয়ে গেলে ২২ নভেম্বরের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এদিকে, প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।