...|...|...

জাতীয়

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৬
Shares
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন-ডিএফসি) অর্থায়নের সুযোগ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার। এ উদ্যোগকে দুই দেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ইতিবাচক ফল হিসেবে দেখছে ঢাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানায়, ডিএফসির এ ঘোষণা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

এর ফলে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার। একই সাথে দেশের উন্নয়ন কার্যক্রম ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। পাশাপাশি বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিস্থিতি তৈরি এবং শ্রমমান জোরদারে বর্তমান সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রতিও এটি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ।

বাংলাদেশ সরকার আশা করছে, ডিএফসির অর্থায়নের এ সুযোগ কার্যকরভাবে কাজে লাগানো গেলে দেশে প্রকৃত বিনিয়োগ বাড়বে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধির পথ সুগম হবে।