গত দুই বছর তেলেগু সিনেমায় খুব একটা দেখা যায়নি দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ না হওয়ায় তার অভিনয়জীবন নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। অবশেষে দীর্ঘ বিরতির কারণ নিজেই জানালেন এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে দুই বছর ইন্টার্নশিপ করায় নিয়মিত সিনেমার কাজে সময় দিতে পারেননি তিনি।
সম্প্রতি হায়দরাবাদে ‘ওএম: অপারেশন মোল’ সিনেমার তেলেগু সংস্করণের মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের বিরতি নিয়ে কথা বলেন শ্রীলীলা।
অভিনেত্রী জানান, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করার পর গত দুই বছর মুম্বাইয়ে ইন্টার্নশিপ করেছেন তিনি। এ সময় হাসপাতালে নিয়মিত সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। ফলে নতুন সিনেমার প্রস্তাব গ্রহণ কিংবা শুটিংয়ে সময় দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।
শ্রীলীলার ভাষ্য, ‘আপনারা জানেন, মেডিকেল পড়াশোনা শেষ করার পর গত দুই বছর আমি মুম্বাইয়ে ইন্টার্নশিপ করেছি। সেখানে সরাসরি উপস্থিত থাকতে হতো বলে সিনেমার কাজে নতুন প্রস্তাব নিতে পারিনি। সেই সময়ই ‘ওএম’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম।’


