...|...|...

সোশ্যাল মিডিয়া

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, করণীয় কী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২২
Shares
বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, করণীয় কী

ছবি: সংগৃহীত

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি প্রোফাইল আগের মতোই সচল থাকবে।

যারা একই অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করছেন, তাদের নির্ধারিত সময়ের আগেই ছবি, ভিডিও, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বন্ধু, গ্রুপ ও পেজের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে আগেভাগে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অ্যাডিশনাল প্রোফাইল কী?

অ্যাডিশনাল প্রোফাইল হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে মূল প্রোফাইলের পাশাপাশি তৈরি করা অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইল। ব্যক্তিগত আগ্রহ, শখ, পেশা কিংবা নির্দিষ্ট কোনো কমিউনিটির সাথে যুক্ত থাকার জন্য ব্যবহারকারীরা এসব প্রোফাইল তৈরি করতে পারতেন।

একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধা পাওয়া যেত। ফলে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে আলাদা প্রোফাইল ব্যবহার করতে পারতেন।

তবে এসব প্রোফাইল সম্পূর্ণ স্বতন্ত্র অ্যাকাউন্ট ছিল না। একই লগইন তথ্য ব্যবহার করেই মূল ও অতিরিক্ত সব প্রোফাইলে প্রবেশ করা যেত।

আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত প্রোফাইল আছে কি না বুঝবেন যেভাবে

ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে সহজেই নিজের অ্যাকাউন্টে অতিরিক্ত প্রোফাইল রয়েছে কি না, তা যাচাই করা যাবে।

১. প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করুন।

২. ওপরের ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

৩. এরপর ‘See all profiles’ অপশনে প্রবেশ করুন।

৪. সেখানে মূল প্রোফাইলের পাশাপাশি অন্য কোনো প্রোফাইল দেখা গেলে বুঝতে হবে, সেগুলো আপনার অ্যাডিশনাল প্রোফাইল।

একই লগইন তথ্য দিয়ে এসব প্রোফাইলে প্রবেশ করা গেলে সেগুলো একই মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হচ্ছে বলে বুঝতে পারবেন।

অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন যেভাবে

নির্ধারিত সময়ের আগে অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, ভিডিও, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখা জরুরি। এ জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে সুইচ করুন।

২. এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে যান।

৩. ‘Your Information and Permissions’ বিভাগে গিয়ে ‘Export Your Information’ নির্বাচন করুন।

৪. ‘Create Export’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। এরপর তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করতে চান, তা নির্ধারণ করুন।

৫. সবশেষে যে ধরনের তথ্য ডাউনলোড করতে চান, সেগুলো নির্বাচন করে আবার ‘Create Export’ অপশনে ক্লিক করুন।

এরপর ফেসবুক আপনার নির্বাচিত তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত করবে। তথ্যের পরিমাণ ও ধরন অনুযায়ী এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগেভাগেই তথ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া ভালো।

একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের কিছু তথ্য, বিশেষ করে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য, মূল প্রোফাইলের তথ্য ডাউনলোডের মাধ্যমে পাওয়া যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী মূল প্রোফাইলের তথ্যও সংরক্ষণ করে রাখা উচিত।

গ্রুপ পরিচালনায় যেসব বিষয় খেয়াল রাখবেন

অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে কোনো ফেসবুক গ্রুপ পরিচালনা করলে আগেভাগেই বিকল্প ব্যবস্থা নিতে হবে। কারণ সংশ্লিষ্ট প্রোফাইল বন্ধ হয়ে গেলে গ্রুপ পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে।

এ জন্য ১৪ ডিসেম্বরের আগেই মূল প্রোফাইলকে সংশ্লিষ্ট গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হবে। প্রয়োজনে অন্য কোনো বিশ্বস্ত ব্যক্তিকেও অ্যাডমিনের দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে অতিরিক্ত প্রোফাইল বন্ধ হয়ে গেলেও গ্রুপের কার্যক্রম স্বাভাবিক রাখা সহজ হবে।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইল দিয়ে যেসব গ্রুপে যুক্ত হয়েছেন এবং যেসব পেজ অনুসরণ করছেন, সেগুলোর তালিকা তৈরি করে রাখা ভালো। পরে মূল প্রোফাইল থেকে প্রয়োজনীয় গ্রুপে আবার যোগ দেওয়া এবং পছন্দের পেজগুলো অনুসরণ করা যাবে। এতে পরিচিত কমিউনিটি ও পছন্দের কনটেন্টের সাথে যোগাযোগ বজায় থাকবে।

যেসব প্রোফাইল বন্ধ হবে না

মেটার সিদ্ধান্তের আওতায় ফেসবুকের সব ধরনের প্রোফাইল পড়ছে না। একই মেটা অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই এ সিদ্ধান্তের আওতায় আসবে।

যেসব প্রোফাইল ও সুবিধা বন্ধ হবে না, সেগুলো হলো-

১. ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল।

২. মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ।

৩. আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র ফেসবুক প্রোফাইল।

অর্থাৎ, যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাদের মূল অ্যাকাউন্ট আগের মতোই সচল থাকবে।

কবে চালু হয়েছিল এই সুবিধা?

২০২৩ সালের সেপ্টেম্বরে ফেসবুকে অ্যাডিশনাল প্রোফাইল সুবিধা চালু করা হয়। এর মাধ্যমে একটি অ্যাকাউন্ট ব্যবহার করেই একাধিক আলাদা ব্যক্তিগত প্রোফাইল তৈরির সুযোগ পান ব্যবহারকারীরা।

ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং, শখ কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশ নেওয়ার মতো ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এসব প্রোফাইল ব্যবহার করা যেত। সবচেয়ে বড় সুবিধা ছিল, প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা ইমেইল ঠিকানা বা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।

তবে মেটার নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই সুবিধা আর থাকছে না। তাই নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং গ্রুপ ও পেজের সাথে যোগাযোগ বজায় রাখার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।