...|...|...

সোশ্যাল মিডিয়া

রাশিয়ায় যুদ্ধে নিহত বন্ধুকে স্মরণ রাজনের

বিদায়ের সময় বুকে জড়িয়ে কেঁদেছিল সাগর, পরে জানতে পারি সে আর বেঁচে নেই

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৪
Shares
বিদায়ের সময় বুকে জড়িয়ে কেঁদেছিল সাগর, পরে জানতে পারি সে আর বেঁচে নেই

রাশিয়ায় যুদ্ধে নিহত সাগর ও বন্ধু রাজন। ছবি: টাইমস টুডে কোলাজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশের যুবক সাগরের সাথে কাটানো একটি দিনের স্মৃতি এখনো ভুলতে পারেননি তার সহযোদ্ধা রাজন। যুদ্ধক্ষেত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দুজনের পরিচয়। 

সেই পরিচয় থেকে একসাথে সময় কাটানো, যুদ্ধের অভিজ্ঞতা ভাগাভাগি, আর বিদায়ের সময় সাগরের বুকে জড়িয়ে ধরে কান্না- সবই এখন রাজনের কাছে অতীতের স্মৃতি। একসময় সেই বন্ধুর মৃত্যুসংবাদ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিতে হয়েছিল তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সাগরকে নিয়ে এসব স্মৃতির কথা তুলে ধরেছেন রাজন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ‘Rajon On The GO - Bangla’ নামের একটি ফেসবুক পেজে পোস্টটি দেন তিনি। সেখানে ২০২৬ সালের এপ্রিল মাসে সাগরের সাথে প্রথম পরিচয় থেকে শুরু করে তার মৃত্যুর খবর পরিবারকে জানানোর অভিজ্ঞতা তুলে ধরেন।

রাজন জানান, ২০২৬ সালের এপ্রিল মাসে প্রথমবার আহত হওয়ার পর চিকিৎসার জন্য লুগানস্ক অঞ্চলের ১৫০ নম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সম্ভবত ১৭ বা ১৮ এপ্রিল ওই হাসপাতালেই সাগরের সাথে প্রথম দেখা হয়। এর আগে ব্যক্তিগতভাবে সাগরকে চিনতেন না তিনি।

প্রথম সাক্ষাতের স্মৃতি তুলে ধরে রাজন লেখেন, সেদিন সাগরের প্রচণ্ড জ্বর ছিল। চেহারায় ক্লান্তি ও বিধ্বস্ততার ছাপ স্পষ্ট ছিল। তাকে এতটাই অসুস্থ দেখাচ্ছিল যে, রাজনের কান্না চলে আসার মতো অবস্থা হয়েছিল।

রাজনের ভাষ্য অনুযায়ী, সেদিন তারা পুরোটা সময় একসাথে কাটিয়েছিলেন। তখন সাগরের প্রশিক্ষণ চলছিল। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন রাজন। এ সময় যুদ্ধের ময়দানের অভিজ্ঞতা ও সেখানকার পরিস্থিতি নিয়ে সাগরের সাথে বিস্তারিত কথা বলেন তিনি। সাগর কীভাবে সেখানে এসেছেন এবং কার মাধ্যমে এসেছেন, তা নিয়েও আলোচনা হয়। রাজনের দাবি, কথোপকথনে সাগর সোহেল সরদার নিরবের নামও উল্লেখ করেছিলেন। নিজের সিদ্ধান্ত নিয়ে সাগরের মধ্যে অনুশোচনা ছিল বলেও জানান রাজন।

তবে দুজনের স্মৃতির মধ্যে সবচেয়ে আবেগঘন হয়ে আছে বিদায়ের মুহূর্তটি। রাজন লেখেন, সেদিন বিদায়ের সময় সাগর তাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। সেই দৃশ্য এখনো তার চোখের সামনে ভাসে। পরবর্তী সময়ে তারা একই ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।

একপর্যায়ে সাগরের মৃত্যুসংবাদ পান রাজন। বন্ধুর মৃত্যুর খবর তাকে ভীষণভাবে ভেঙে দেয়। বিশেষ করে সাগরের মা ও বোনকে কীভাবে এই দুঃসংবাদ জানাবেন, তা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তবে ফ্রন্টলাইনে যাওয়ার আগে পরিবারের সত্যটি জানা উচিত বলে মনে করেন রাজন। অনেক কষ্টে সাগরের মৃত্যুর খবর তার স্বজনদের জানান। এরপর আবার ফ্রন্টলাইনের উদ্দেশে রওনা হন।

রাজনের পোস্টে উঠে আসা তথ্য অনুযায়ী, সাগরের বয়স ছিল ২৪ বছর। তিনি কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর ছিলেন চতুর্থ। পরিবারের অভাব দূর করার স্বপ্ন নিয়ে ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়ায় যান তিনি। সেখানে একটি বেকারিতে কাজ করতেন। পরে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে জড়িয়ে পড়েন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে।

যুদ্ধে যাওয়ার পর পরিবারের সাথে সাগরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১৭ অক্টোবর রাশিয়ায় থাকা তার এক বন্ধু বোন পাখি আক্তারের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে সাগরের মৃত্যুসংবাদ জানান। তবে কীভাবে, কোথায় এবং কখন তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারেনি পরিবার।

সাগরের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। ছেলের শোকে মূর্ছা যান মা। অসুস্থ বাবা কবির হোসেনও ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না। অন্যদিকে সাগরের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি স্বজনেরা।

বন্ধুকে হারানোর কষ্ট প্রকাশ করে রাজন লেখেন, ‘বিশ্বাস করুন, নিজের দেশের একজন মানুষকে এভাবে হারিয়ে ফেলা মেনে নেওয়া ভীষণ কঠিন। সাগরের সাথে কাটানো সেই একটি দিনের স্মৃতি হয়তো কোনো দিনই ভুলতে পারব না।’

পোস্টের শেষাংশে সাগরের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান রাজন। একইসাথে অর্থের প্রলোভনে বিদেশের যুদ্ধে জড়িয়ে না পড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।