ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় একটি ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার কাছে রোঙ্গাজান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাকের সাথে সেটির সংঘর্ষ হয়।
সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মৃতের সংখ্যা দ্রুত বাড়ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসকেরা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ক্ষতিগ্রস্ত যানবাহনের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনা হয়।
দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানিয়েছিলেন, অন্তত সাতজন নিহত হয়েছেন। তখনও বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছিল এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
আহতদের কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্বপ্ননীল ডেকা বলেন, কাজিরাঙা জাতীয় উদ্যানের আশপাশে যানবাহনের গতিসীমা নিয়ে বিধিনিষেধ থাকলেও মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর পর মিনিবাসটি একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


