...|...|...

বিশ্ব

ইরানের ৪৪০ কেজি উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, জানে না কোনও দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫১
Shares
ইরানের ৪৪০ কেজি উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, জানে না কোনও দেশ

ছবি: সংগৃহীত

ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকদের জন্য তাদের পারমাণবিক স্থাপনাগুলো কার্যত বন্ধই রেখেছে। এর ফলে দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় আছে এবং কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত কোনো তথ্য পাচ্ছে না। একই সময়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনার সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভিয়েনায় বিতরণ করা আইএইএর ১৩ পৃষ্ঠার একটি সীমিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অবস্থান বা বর্তমান অবস্থা এখনও যাচাই করতে পারছেন না সংস্থাটির পরিদর্শকেরা। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকার ব্যাপকভাবে সীমিত করে।

আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি প্রতিবেদনে লিখেছেন, ইরানের আগে ঘোষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য হারানোর পর এক বছরেরও বেশি সময় কেটে গেছে।

তিনি বলেন, ‘ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মসূচি থেকে অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছাতে আইএইএ বর্তমানে সক্ষম নয়।’

এই প্রতিবেদন প্রকাশের এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই। ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সাথে মিলে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করে, তার উদ্দেশ্য হিসেবে ট্রাম্প দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার কথা বলে আসছেন।

এপ্রিলে তীব্র লড়াই কিছুটা কমে এলেও ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নতুন আন্তর্জাতিক নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে আলোচনা কার্যত শুরুই হয়নি।

গ্রোসি ইরানকে ধাপে ধাপে পর্যবেক্ষণ ব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন। তার মতে, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে স্বাভাবিক সুরক্ষা ও নজরদারি ব্যবস্থায় ফেরা সম্ভব হতে পারে এবং তা বৃহত্তর সমঝোতার জন্য আস্থার পরিবেশ তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজনে অন্যত্র স্থানান্তরের প্রস্তাব দিয়েছে।

ট্রাম্প গত বছর দাবি করেছিলেন, ২০২৫ সালে ১২ দিনের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। তবে বর্তমানে ইরানের পারমাণবিক কার্যক্রম কতটা চলছে, তার নির্ভরযোগ্য প্রমাণ খুবই সীমিত।