যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কিংবা কথিত ‘অর্থনৈতিক সন্ত্রাসে’ কোনো দেশ সহায়তা করলে তার পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান। তেহরানের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন কিংবা ‘অর্থনৈতিক সন্ত্রাসে’ কোনো দেশের সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না। এর মধ্যে নৌবাহিনী মোতায়েন, সামরিক ও রসদ সরবরাহকারী সরঞ্জাম পাঠানো এবং সামরিক সদস্য পাঠানোর বিষয়ও অন্তর্ভুক্ত। এসব কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে অংশগ্রহণের শামিল এবং শত্রুতামূলক ও বেআইনি পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে তেহরান।
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা অঙ্গীকার আন্তর্জাতিক আইনের অধীনে কোনো রাষ্ট্রের বাধ্যবাধকতা লঙ্ঘন কিংবা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে অংশ নেওয়ার বৈধ ভিত্তি হতে পারে না।
তিনি সতর্ক করে বলেন, যেকোনোভাবে এ ধরনের বেআইনি আগ্রাসনে অংশ নেওয়া রাষ্ট্রকে এর পরিণতির সম্পূর্ণ দায় নিতে হবে।
ইরানের এই বিবৃতি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে সিউল।


