যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে মন্তব্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ববাজারে। এর প্রভাবে স্বর্ণের দাম কমে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশের বেশি কমে প্রায় ৩ হাজার ৮৭০ ডলারে দাঁড়িয়েছে।
বার্তাসস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আরও মুদ্রানীতি কঠোর করার সম্ভাবনা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। একই সাথে ইরানের সাথে আলোচনার দায়িত্ব থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারের বিষয়ে মনোযোগ দিতে নির্দেশ দেন তিনি।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। বৃহস্পতিবার ধাতুটির দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ ডলারে নেমে আসে।
অন্যদিকে, জ্বালানি পণ্যের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৯৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে ইউরোপীয় গ্যাস সূচক বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ।


