ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্রুত ও নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ৫৩টি দেশ ও সংস্থা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে তুরস্কও রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি সারাহ ম্যাকিনটোশ জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর পক্ষে বিবৃতিটি পাঠ করেন।
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবে অনুমোদিত বিস্তৃত শান্তি পরিকল্পনায় ২০২৫ সালের ১৯ জানুয়ারিতে নির্ধারিত মাত্রার চেয়ে কম নয়—এমন পরিমাণে মানবিক সহায়তা অবিলম্বে গাজায় প্রবেশের কথা বলা হয়েছে। তবে এখনো তা বাস্তবায়িত হয়নি।
ম্যাকিনটোশ জানান, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাজনৈতিক সদিচ্ছা থাকলে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি সম্ভব হয়েছে। তবে শীত শুরু হওয়ায় এখনো বহু ফিলিস্তিনি পর্যাপ্ত আশ্রয় থেকে বঞ্চিত। এতে তাঁরা হাইপোথার্মিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, পানিবাহিত রোগসহ প্রতিরোধযোগ্য নানা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
ইসরায়েলের নির্বাচনের পর গঠিতব্য নতুন সরকারের প্রতি গাজাজুড়ে সব স্থলপথ ও প্রবেশপথ দিয়ে দ্রুত ও নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা পুনরায় চালু, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং গাজায় জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিনিধি ও সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান ম্যাকিনটোশ।
যৌথ বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো গাজায় শীতকালীন জরুরি প্রস্তুতি, আশ্রয়, পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।


