ভারতের মণিপুরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় একটি জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ি লক্ষ্য করে সশস্ত্র হামলাকারীরা গুলি চালালে চারজন নিহত হন। নিহতদের মধ্যে এক মা ও তার ছেলে এবং এক ভাই-বোন রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ এই হামলা হয়। সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী দুটি গাড়ি। এর একটি ছিল মারুতি সুইফট এবং অন্যটি বোলেরো পিকআপ। পথে সশস্ত্র ব্যক্তিরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
হামলার পর গাড়ি দুটির সামনের কাচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ও অসম রাইফেলসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করা হয়েছে। একই সাথে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে উখরুলের এই হামলার মাত্র এক দিন আগে কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় আরেকটি গুলির ঘটনা ঘটে। সেখানে এক নারী নিহত এবং আরও দুজন আহত হন।
পরপর এসব হামলায় মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এর জেরে রাজ্যটিতে বারবার সহিংসতা, প্রাণহানি ও জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। এবার গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কে চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে ব্যস্ত সড়কে যাত্রীবাহী গাড়িতে এমন হামলা সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


