পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে অশ্লীল ছবি পাওয়ার বিনিময়ে ভারতের বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনাসহ অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে এক উইং কমান্ডারের বিরুদ্ধে।
দিল্লি পুলিশের দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, ওই কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়ার তথ্য এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান পাকিস্তানি অপারেটিভের কাছে পাঠিয়েছেন।
পুলিশের ভাষ্য, এ ধরনের তথ্য ফাঁস ভারতের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত কর্মকর্তা প্রায় পাঁচ মাস ধরে হেফাজতে রয়েছেন। পুলিশের দাবি, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি অপারেটিভের সাথে তার যোগাযোগ ছিল। এ সময় তিনি বিভিন্ন গোপন সামরিক তথ্য পাঠিয়েছেন।
১ এপ্রিল স্মার্টফোন নিয়ে কার্যালয়ে প্রবেশের সময় তাকে আটক করে তল্লাশি করা হয়।
অশ্লীল ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার পৃষ্ঠা
অভিযোগপত্রে বলা হয়েছে, পাকিস্তানি অপারেটিভ ওই কর্মকর্তাকে একটি অশ্লীল ছবি পাঠানোর পর তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান।
পুলিশের আরও দাবি, অভিযুক্ত কর্মকর্তা এমন একটি প্রস্তাবও দিয়েছিলেন—প্রতিটি অশ্লীল ছবির বিনিময়ে তিনি গোপন যুদ্ধপরিকল্পনার একটি করে পৃষ্ঠা দেবেন।
ড্রোন ইউনিট থেকে যুদ্ধবিমান মোতায়েন—ফাঁস হয়েছে যেসব তথ্য
অভিযোগপত্র অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিট সম্পর্কে বিস্তারিত তথ্য পাকিস্তানি অপারেটিভকে দিয়েছিলেন ওই কর্মকর্তা। এর মধ্যে ইউনিটটির জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতি ছিল।
এ ছাড়া ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, অপারেশনাল সক্ষমতা, কতক্ষণ আকাশে থাকতে পারে এবং অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ব্যবস্থাসংক্রান্ত তথ্যও ফাঁস করা হয়েছে বলে পুলিশের অভিযোগ।
যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে সম্ভাব্য অবস্থানও জানানো হয়েছিল। পুলিশের মতে, এমন তথ্য প্রতিপক্ষকে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রস্তুতি এবং কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।
লেহ অঞ্চলে যুদ্ধবিমান কোথায় মোতায়েন রয়েছে, সেই তথ্যও অভিযুক্ত কর্মকর্তা শেয়ার করেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজস্থানের সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার তথ্যও পাঠানো হয়।
সংবেদনশীল সামরিক স্থাপনার অবস্থান এবং যুদ্ধের সময় সেনা কোথায় মোতায়েন করা হবে—এসব তথ্যও ফাঁস করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইসেও স্পাইওয়্যার বসানোর অভিযোগ
মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ। পুলিশের দাবি, পাকিস্তানি অপারেটিভ অভিযুক্ত কর্মকর্তাকে বিভিন্ন অ্যাপ ও লিংক পাঠিয়েছিল, যেগুলোতে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ছিল।
এসব সফটওয়্যার ব্যবহার করে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে থাকা গোপন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, নিজের অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছিলেন অভিযুক্ত উইং কমান্ডার।
তদন্তকারীদের সন্দেহ, এর উদ্দেশ্য ছিল ওই কর্মকর্তাদের ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাঁদের যোগাযোগে প্রবেশাধিকার পাওয়া।
অর্থাৎ পুলিশের অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তা শুধু নিজে তথ্য ফাঁস করেননি; অধীনস্থদের ডিভাইস ব্যবহার করেও সাইবার গুপ্তচরবৃত্তির সুযোগ তৈরির চেষ্টা করেছেন।
৩ হাজারের বেশি বার্তা আদান-প্রদান
দিল্লি পুলিশ চার্জশিটে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি অপারেটিভের মধ্যে যোগাযোগের ডিজিটাল রেকর্ডও তুলে ধরেছে।
হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে দুজনের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংক আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এই ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কতটা সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা এখন তদন্ত করছে দিল্লি পুলিশ।


