...|...|...

বিশ্ব

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি তুরস্ক ও কাতারের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, রাত ১২:৩৭
Shares
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি তুরস্ক ও কাতারের

ছবি: সংগৃহীত

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠকে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

তুরস্কের প্রেসিডেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন চুক্তির মাধ্যমে আঙ্কারা ও দোহার বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারত্ব আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সামরিক শিল্প, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সংশ্লিষ্ট খাতে যৌথ সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে দুই দেশ।

বৈঠকে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কাতারের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে তার দেশ। একই সাথে আঞ্চলিক সংকট নিরসনে সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জ্বালানি খাতেও দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের বিষয়টি বৈঠকে উঠে আসে।

তুরস্ক ও কাতারের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। কাতারে তুরস্কের সামরিক উপস্থিতিও রয়েছে। দুই দেশ নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আঙ্কারা ও দোহার অবস্থানেও উল্লেখযোগ্য মিল রয়েছে। বিশেষ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে দেশ দুটি।

সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন প্রতিরক্ষা চুক্তি দুই দেশের সামরিক সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতিতে তাদের কৌশলগত সমন্বয় বাড়াতে ভূমিকা রাখতে পারে।