আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার বেড়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে ভারতীয় রুপি। ডলারের বিপরীতে মুদ্রাটির দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৯৪ দশমিক ১৫৭৫। আগের কার্যদিবসের তুলনায় ভারতীয় মুদ্রাটির দর কমেছে শূন্য দশমিক ১ শতাংশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি মার্কিন সরকারি বন্ডের মুনাফার হারও ঊর্ধ্বমুখী হয়েছে। চাপ পড়েছে ভারতের শেয়ার ও বন্ডবাজারেও।
বাজারে এমন আশঙ্কাও রয়েছে যে, আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়াতে পারে। শুক্রবার ভারতের বেঞ্চমার্ক সরকারি বন্ডের মুনাফার হার ৭ বেসিস পয়েন্ট বেড়েছে। একই সময়ে দেশটির প্রধান শেয়ারসূচক নিফটি ৫০ কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তেজনা প্রশমিত হওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তা দুর্বল হয়ে পড়েছে। সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনকারী ট্যাংকারে আক্রমণের ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।
শুক্রবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৪ ডলারে দাঁড়ায়। এর আগের কার্যদিবসে তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল।
তবে চলতি সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত থাকায় রুপি কিছুটা সমর্থন পেয়েছে। তারপরও মুদ্রাবাজারের ব্যবসায়ীরা উচ্চ তেলের দামকে ভারতের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছেন।
ভারত তার মোট তেল চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে রুপির ওপর আরও চাপ তৈরি হতে পারে। একই সাথে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ধীর হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।


