নোবেলজয়ী সাহিত্যিক মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহাবশেষ তার মৃত্যুর ৫২ বছর পর জন্মভূমি গুয়াতেমালায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘ নির্বাসনের অধ্যায়ের অবসান এবং লেখকের শেষ ইচ্ছা পূরণের অংশ হিসেবে তার দেহভস্ম দেশে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগেও গুয়াতেমালার বিভিন্ন সরকার আস্তুরিয়াসের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল। তবে তার বংশধরেরা তাতে সম্মতি দেননি। ২০২৪ সালে প্রগতিশীল প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালো ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয় এবং পরিবার শেষ পর্যন্ত দেহাবশেষ ফিরিয়ে আনার অনুমতি দেয়।
রয়টার্সকে আস্তুরিয়াসের নাতি সানদিনো আস্তুরিয়াস বলেন, অতীতে অনেকেই তার দাদাকে ‘পদকের মতো’ দেশে ফিরিয়ে এনে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছেন। এ কারণেই পরিবার সব সময় তার নামকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহারের বিরোধিতা করেছে।
তবে এবার পরিবার মনে করছে, সময়টি উপযুক্ত। কারণ প্রেসিডেন্ট আরেভালোর সংস্কারপন্থী সরকারের রাজনৈতিক আদর্শের সাথে আস্তুরিয়াসের বিশ্বাসের মিল রয়েছে।
গুয়াতেমালায় আরেভালোর নির্বাচনি জয় ছিল অনেকটা অপ্রত্যাশিত। দীর্ঘদিন রক্ষণশীল রাজনৈতিক শক্তির প্রভাব থাকা দেশটির রাজনীতিতে তার বিজয় নতুন প্রগতিশীল আন্দোলনের পথ তৈরি করেছে।
সানদিনো আস্তুরিয়াস বলেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিককে তার মাতৃভূমিতে ফিরিয়ে আনা ‘ঐতিহাসিক ন্যায়বিচারের’ অংশ।
১৮৯৯ সালে গুয়াতেমালা সিটিতে জন্মগ্রহণ করেন মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস। মধ্য আমেরিকা থেকে সাহিত্যে নোবেল পাওয়া একমাত্র লেখক তিনি। ১৯৬৭ সালে সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়।


