ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু- এমন অভিযোগ ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিরোধী নেতাদের আশঙ্কা, ইরানের সাথে নতুন সংঘাত শুরু হলে তা সরকার গঠনের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এমনকি রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে নেতানিয়াহু সামরিক উত্তেজনা বাড়াতে চাইছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে ইরানে হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। এরপর ৮ নভেম্বর বিরোধী রাজনৈতিক দল ইয়াশারের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন নেতানিয়াহু।
এমন রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের খবর সামনে এসেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও ইরানে নতুন অভিযানের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন নেতানিয়াহু।
বিশেষ করে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তাৎক্ষণিক সামরিক অভিযানের প্রয়োজনীয়তা নিয়ে আপত্তি জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, নতুন হামলা ইরানের পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
এ পরিস্থিতিতে গত বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুকে সতর্ক করে একটি চিঠি দেন আইজেনকোট। এতে তিনি রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তী সময়ে জরুরি নিরাপত্তা প্রয়োজন ছাড়া সামরিক অভিযান পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানান।
একই সাথে নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথাযথ সরকারি অনুমোদন ও তদারকি নিশ্চিত করতে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ চান তিনি।
আইজেনকোট সতর্ক করেন, সরাসরি ও তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি ছাড়া সামরিক বাহিনীকে অভিযানে পাঠানো হলে তা ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তবে তার ওই চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি।
এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় দুই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, কূটনৈতিক চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সামরিক হুমকি নিয়ে আইজেনকোটকে ব্রিফিং দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নেতানিয়াহুর সামরিক সচিব মেজর জেনারেল গাই মার্কিজানো। পরে যৌথ বিবৃতিতে জানানো হয়, প্রয়োজন অনুযায়ী দুই নেতা নিরাপত্তাসংক্রান্ত তথ্য বিনিময় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
তবে বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে কী ধরনের গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে।
চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে একটি সূত্রের বরাতে দাবি করা হয়, ইরানের বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা বোঝাতে গোয়েন্দা তথ্য তুলে ধরতে চেয়েছিলেন নেতানিয়াহু। অন্যদিকে চ্যানেল থার্টিনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী এই মুহূর্তে ইরানে নতুন হামলা চালানোর জরুরি প্রয়োজন দেখছে না।
এদিকে বিরোধী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদোর লিবারম্যানও নতুন যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তার বক্তব্য, নিরাপত্তা প্রতিষ্ঠানের পূর্ণ সমর্থন ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা ইসরায়েলকে নতুন যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর কার্যালয়। প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, সরকারের সব নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয় করেই নেওয়া হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও জানিয়েছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের রয়েছে। ইরান ইস্যুতে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে সমন্বয় রয়েছে বলেও দাবি করেন তিনি।
ইসরায়েলের রাজনৈতিক পালাবদলের এই সময়ে ইরানের সাথে নতুন সংঘাতের আশঙ্কা তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিরোধীদের অভিযোগ, সামরিক উত্তেজনা সরকার গঠনের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর সরকার বলছে, রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক, জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া থেকে সরে আসবে না তারা।


