ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের নতুন অবস্থানের সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে সামরিক বিমান পাঠিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব বাংলাদেশের নয়। ভারত চাইলে স্থলসীমান্ত দিয়ে তাকে ফেরত পাঠাতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে শফিকুল আলম লেখেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে সামরিক বিমান পাঠিয়ে দেশে ফিরিয়ে আনার কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নেই। দিল্লি চাইলে স্থলবন্দর দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারে, এমনকি সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইনও করতে পারে।
এদিকে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ নভেম্বর এ আবেদন করা হয়। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, কিংবা সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানটি তার অনুমোদিত কি না, তা নিশ্চিত করতে পারেনি হাইকমিশন।
অন্যদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ভারত মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই হতে পারে বাস্তবসম্মত সমাধান।


