ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনের মধ্যে প্রশাসনের কর্মকর্তাদের কর্মতৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রশাসনের কোনো পর্যায়ে কর্মকর্তারা কাজের গতি না বাড়িয়ে ডিসেম্বরের অপেক্ষায় রয়েছেন কি না, তা জানতে চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় এ প্রশ্ন তোলেন মন্ত্রিপরিষদ সচিব। একই সাথে প্রশাসনিক কাজে গতি বাড়ানো এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাব ও সারসংক্ষেপ দ্রুত পাঠানোর নির্দেশ দেন তিনি।
সভা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত জরুরি নোটিশে দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি আহ্বান করা হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবেরা অংশ নেন।
বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব জানতে চান, প্রশাসনের কোনো পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে ধীরে চলার প্রবণতা তৈরি হয়েছে কি না কিংবা কেউ ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব ও সারসংক্ষেপ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন তিনি।
পাশাপাশি চলমান শ্রমিক আন্দোলন ও দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন উদ্যোগ ও অর্জনের তথ্য সাধারণ মানুষের সামনে আরও জোরালোভাবে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জন জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে।
ওই সচিব আরও জানান, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়েছে।
প্রশাসনের বৈঠকে ডিসেম্বর প্রসঙ্গ আসার পেছনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। পরে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
এর মধ্যে গত ৯ নভেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেন তার আইনজীবীরা। এ ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, শেখ হাসিনা একজন পলাতক ও দণ্ডিত আসামি। তাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন নেই; বরং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করছে। আইনগতভাবে দণ্ডিত পলাতক আসামির এ ধরনের আবেদন করার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


