...|...|...

রাজধানী

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধনে লাগবে অতিরিক্ত চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৩
Shares
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধনে লাগবে অতিরিক্ত চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়

ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধনে আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আবেদনকারী কোথায় থাকেন, তার পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই রিকশা চালাবেন কি না-সব তথ্য আবেদন ফরমে উল্লেখ করতে হবে।

এ জন্য মূল বিধিমালার বাইরে নতুন চারটি বিষয় যুক্ত করে ফরম তৈরির অনুমোদন চেয়েছে সংস্থাটি। অনুমোদন পেলে ফরম ছাপিয়ে বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম।

ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, সংস্থার ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ আবেদন ফরম বিক্রি করা হবে। এসব অঞ্চলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চারটি জোনের সাথে সমন্বয় করা হবে। প্রতিটি জোনের জন্য আলাদা রঙের ফরম তৈরি করা হবে।

তবে প্রতিটি এলাকায় কতটি ই-রিকশা চলতে পারবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জরিপ করছে। তাদের সুপারিশের ভিত্তিতে নিবন্ধনের সংখ্যা নির্ধারণ করা হবে।

রিকশা কিনেই করতে হবে আবেদন

ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা আগে ফরম সংগ্রহ করতে পারবেন। তবে ই-রিকশা না কিনে আবেদন জমা দেওয়া যাবে না। অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে রিকশা কেনার পর ইঞ্জিন, চেসিস, মোটর ও ব্যাটারির নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

ই-রিকশা তৈরির ক্ষেত্রে বুয়েটের নির্ধারিত নকশা ও কারিগরি মান অনুসরণ বাধ্যতামূলক। এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতটি প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি দিয়েছে। এর মধ্যে নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস উৎপাদন শুরু করেছে।

নির্দিষ্ট এলাকার বাইরে চলবে না

গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট থাকবে।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক ও নির্ধারিত অন্যান্য সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ থাকবে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে চলবে, তা সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।

গত ১ নভেম্বর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনের রিকশার রং আলাদা হবে। এক জোনের নিবন্ধিত রিকশা অন্য জোনে চলতে পারবে না। আপাতত চালকদের জন্য আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আবেদন ফরম বিক্রি শুরু করেছে। সংস্থাটি প্রাথমিকভাবে ১০টি অঞ্চলে ১৫ হাজার করে মোট দেড় লাখ ই-রিকশার নিবন্ধনের পরিকল্পনা করেছে। ডিএনসিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই সিটি মিলিয়ে অন্তত আড়াই লাখ ই-রিকশার নিবন্ধনের সুযোগ তৈরি হবে।