বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে চতুর্থ অবস্থানে রয়েছে শহরটি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তাৎক্ষণিক বায়ুমান সূচক অনুযায়ী, এ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ভারতের দিল্লি। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৪, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের।
তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ফিলিপাইনের ম্যানিলা। শহরটির স্কোর ১৭১। তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ছিল ১৬৯। ম্যানিলা ও কলকাতার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, দূষণের এমন পরিস্থিতিতে ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা উচিত।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ হলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
খুব অস্বাস্থ্যকর পর্যায়ে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ঝুঁকিপূর্ণ পর্যায়ের বায়ু নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

