...|...|...

রাজধানী

রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ৮:১৩
Shares
রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার মগবাজার এলাকায় রিফাত আবদুল্লাহ (১৮) নামের এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত আবদুল্লাহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্দকপুর গ্রামের প্রয়াত নুরুন্নবী সোহেলের ছেলে। পরিবারের সাথে মগবাজারের আমবাগান এলাকার একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন তিনি।

নিহত রিফাতের মা পারভিন আক্তার জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে রিফাত মোবাইল ফোনে তিনি কোথায়, আসতে কতক্ষণ লাগবে জানতে চায়। তখন তিনি ব্যাংকে আছে বলে জানান এবং সেখান থেকে আধা ঘণ্টার মধ্যে বাসায় ফিরবেন বলে ছেলেকে জানিয়েছিলেন। এর আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পর বাসায় ফিরে তিনি ছেলের কক্ষের দরজা বন্ধ দেখতে পান। পরে ছেলের রুমে গিয়ে দেখি সে সিলিং ফ্যানের সাথে প্যান্টের বেল্ট গলায় প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। 

পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বেল্ট কেটে রিফাতকে নিচে নামানো হয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে বেলা তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাতের বড় বোন জানান, সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে এবং গতকাল রাতেও ভাইয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলেছেন। রিফাতের মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না। কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।