সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোয় ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মোট প্রায় ৪০ হাজার আসনের বিপরীতে ইতিমধ্যে ভর্তি ফরম তুলেছেন ৮০ হাজারের বেশি শিক্ষার্থী। আগামীকাল শুক্রবার পর্যন্ত অনলাইনে এই ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও অ্যাপটিচুড টেস্টের ওপর মোট ৭০ নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে গণিত ও সাধারণ বিজ্ঞানে ২০ নম্বর করে এবং বাংলা, ইংরেজি ও অ্যাপটিচুড টেস্টে ১০ নম্বর করে নির্ধারণ করা হয়েছে। বাকি ৩০ নম্বর যোগ হবে এসএসসির জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) থেকে।
বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে মোট ৫০টি সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ৪৪টি সাধারণ, ৪টি মহিলা এবং ২টি বিশেষায়িত পলিটেকনিক।
ভর্তি পরীক্ষা শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ অক্টোবর শুরু হবে বলে জানা গেছে।

