দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
তিনি বলেছেন, ক্যাম্পাসের নেতৃত্ব নির্ধারিত হবে শিক্ষার্থীদের ভোটে। কোনো সংগঠন বা গোষ্ঠী নয়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন। ছাত্র সংসদ নির্বাচনে কে বিজয়ী বা পরাজিত হলো, সেটি বড় বিষয় নয়; বরং নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার উদ্যোগে আয়োজিত একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, অধিকার আদায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবেন। এতে ক্যাম্পাসে জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে উঠবে এবং শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, আগামী প্রজন্মকে এমনভাবে তৈরি হতে হবে, যেন তারা ইনসাফের পক্ষে কথা বলতে পারে, সত্যকে সত্য বলতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি নিজেদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন কিংবা সনদ পাওয়ার জায়গা নয়। এখান থেকেই তৈরি হবে আগামীর নেতৃত্ব। শিক্ষার্থীরা রাজনীতি সম্পর্কে সচেতন হবে, দেশ ও সমাজের সমস্যা নিয়ে ভাববে; তবে কাউকে অন্ধভাবে অনুসরণ কিংবা কারও দাসত্ব করবে না। নিজেদের বিবেক, চিন্তা ও আদর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বর্তমান কার্যক্রমের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যতগুলো ডাকসু গঠিত হয়েছে, সেগুলোর মধ্যে তাদের নেতৃত্বাধীন বর্তমান ডাকসু শিক্ষার্থীদের কল্যাণে উল্লেখযোগ্য কাজ করছে। শিক্ষার্থীদের অধিকার, সুযোগ-সুবিধা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তারা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন বলেও দাবি করেন তিনি।
ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

