...|...|...

জাতীয়

রেলের ৩য় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Shares
রেলের ৩য় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য আন্তঃনগর ট্রেনে দায়িত্ব পালনকালীন ভ্রমণের ক্ষেত্রে প্রথম শ্রেণির তাপানুকূল (এসি) সিঙ্গেল কেবিন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় প্রধানসহ তৃতীয় গ্রেডের পদে কর্মরত কর্মকর্তারা তাদের কর্তব্য পাসের (ডিউটি পাস) বিপরীতে এই বিশেষ ভ্রমণ সুবিধা ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-২ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। উপপরিচালক (পার্সোনেল-২) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশে বলা হয়েছে, রেলওয়ের ১৯৮৫ সালের ৭ মার্চের স্মারক এবং ২০১৭ সালের ১৫ নভেম্বরের আদেশের ধারাবাহিকতায় পাশ বিধিমালায় এ সংশোধনী আনা হয়েছে।

এতে আরও বলা হয়, রেলওয়ের প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রাপ্যতা অনুযায়ী সেলুন সুবিধা ভোগ করে থাকেন। তবে প্রয়োজনে আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে কর্তব্য পাসের বিপরীতে প্রথম গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির তাপানুকূল ডাবল কেবিন এবং দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির তাপানুকূল সিঙ্গেল কেবিন সুবিধা নিতে পারবেন।