সৌদি আরব ‘ভেঙে পড়ছে’—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তার দাবি, ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন হামলা না চালাতে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাকে অনুরোধ করেছে। ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে থাকা সৌদি আরবকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার প্রকাশিত স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালে মাত্র তিন দিনের মধ্যেই দেশটির বড় ধরনের ক্ষতি করা সম্ভব।
ট্রাম্প বলেন, তিনি চাইলে প্রথম দিন ইরানের জ্বালানি অবকাঠামো, দ্বিতীয় দিন সেতু এবং তৃতীয় দিন উৎপাদন সক্ষমতা ধ্বংস করতে পারেন।
তার ভাষায়, ‘আমি যদি তাদের শেষ করতে চাই, এক দিনেই তাদের জ্বালানি খাতে আঘাত করতে পারি। এক দিনেই তাদের সেতু শেষ হয়ে যাবে, আর এক দিনেই উৎপাদন সক্ষমতাও শেষ করা সম্ভব। সব মিলিয়ে তিন দিন লাগবে।’
এরপর সৌদি আরব প্রসাথে ট্রাম্প বলেন, রিয়াদ তাকে বর্তমান পরিস্থিতি কিছুদিন অপরিবর্তিত রাখার অনুরোধ জানিয়েছে। তার দাবি, এর কারণ সৌদি আরব এখন ‘ভেঙে পড়ছে’।
কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নাম উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, এসব দেশও ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের আগে অপেক্ষা করাকেই বেশি পছন্দ করবে।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে ট্রাম্প এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সম্পর্ক নিয়েও তিনি একাধিকবার বিতর্কিত বক্তব্য দিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভর করে আসছে সৌদি আরব।
ইরানকে ঘিরে যুদ্ধ যখন তীব্র অবস্থায় ছিল, গত মার্চেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, সৌদি যুবরাজ পরিস্থিতি এমন পর্যায়ে যাবে বলে ভাবেননি এবং এখন তাকে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে সৌদি আরব। এমন পরিস্থিতিতেই উপসাগরীয় দেশগুলো নতুন করে ইরান যুদ্ধের বিস্তার চায় না বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।


