ইরান বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রযুক্তিগতভাবে উন্নত ক্ষেপণাস্ত্র ভান্ডারের অধিকারী বলে দাবি করেছেন তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবুতোরাবি-ফার্দ।
শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রতিরক্ষানীতি নিয়ে কথা বলেন। একই সাথে হজরত ফাতেমা জাহরা (সা.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
খুতবায় ইরানের মহাকাশ সপ্তাহ এবং দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের জনক হিসেবে পরিচিত হাসান তেহরানি মোকাদ্দামের শাহাদাতবার্ষিকীর কথাও তুলে ধরেন তেহরানের জুমার খতিব।
এ উপলক্ষে তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ইউনিটের সক্ষমতা ও অর্জনের প্রশংসা করেন। একই সাথে শহীদ হাজিজাদে, মাহমুদ বাকেরি, জেনারেল সালামি ও জেনারেল পাকপুরসহ ইরানের গার্ড বাহিনী ও সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণ করেন।
ইরানের প্রতিরক্ষানীতির ব্যাখ্যা দিতে গিয়ে আবুতোরাবি-ফার্দ বলেন, দেশটির কৌশলের মূল লক্ষ্য হলো সম্ভাব্য আগ্রাসনকারীর জন্য হামলার মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া, যাতে সেই ক্ষতি তার প্রত্যাশার তুলনায় অনেক বেশি হয়ে ওঠে।
তার দাবি, ইরানের নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং শেষ মুহূর্ত পর্যন্ত গতিপথ পরিবর্তন করতে সক্ষম ওয়ারহেড শত্রুপক্ষের কৌশলগত গভীরে সর্বোচ্চ মাত্রায় আঘাত হানতে সক্ষম।
তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে রয়েছে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রাডার এড়িয়ে চলার প্রযুক্তি, উচ্চ টিকে থাকার সক্ষমতা, ভারী ওয়ারহেড এবং কয়েক হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র।
এসব ক্ষেপণাস্ত্রে কঠিন ও তরল—দুই ধরনের জ্বালানি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। আবুতোরাবি-ফার্দের দাবি, এসব সক্ষমতা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরিপক্বতা এবং দেশটির প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরে।


