...|...|...

বিশ্ব

গিনিতে স্বর্ণখনি ঘিরে সংঘর্ষ, নিহত ১০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪০
Shares
গিনিতে স্বর্ণখনি ঘিরে সংঘর্ষ, নিহত ১০

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণখনি পরিচালনা নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, বুধবার স্বর্ণ উৎপাদনের জন্য পরিচিত সিগুইরি অঞ্চলে খনন নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি যাচাই করতে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালান। এ সময় স্থানীয় বিক্ষোভকারীদের সাথে তাদের সংঘর্ষ বাধে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এর আগে গত ২ নভেম্বর সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণ উত্তোলন নিষিদ্ধ করে গিনি সরকার। কর্তৃপক্ষের দাবি, খনি পরিচালনার নিয়মকানুন না মানার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। বিশেষ করে কৃষিজমি, নদী ও উদ্ভিদসম্পদ দূষণের শিকার হচ্ছিল।

মন্ত্রণালয়ের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, সংঘর্ষে নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তবে তাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।