রাজধানীর তুরাগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করতোয়া ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বুধবার মধ্যরাত থেকে ওই ভবনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকেই সাবেক শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম একটি সংবাদমাধ্যমকে নুরুল ইসলাম নাহিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। একই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
এদিকে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবি হেফজতে নেওয়া হয়েছে। রাত দেড়টার দিকে তার সাথে ফোনে কথা হলে তিনি জানান, তার বাসার ফ্ল্যাটের সামনে পুলিশ অবস্থান করছে। পুলিশ কেন এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফ্যাসিস্ট, তাই অ্যারেস্ট করতে আসছে।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পরে জ্যোতিকা জ্যোতিকেও জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


